অসম্পূর্ণ স্বপ্ন
কখনো কখনো নিশি রাতের গভীর নীরবতায় হঠাৎ বৃষ্টি নামে, আর সেই বৃষ্টির পরেই আকাশে উঠে শান্ত, ধবধবে এক চাঁদ। সেই চাঁদ শুধু আলো দেয় না, মনে করিয়ে দেয় হাজার বছর আগের এক বিস্ময়কর ঘটনা। যেদিন আরবের মরুভূমিতে এক মহামানব মুহাম্মাদ ﷺ আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন।
আজও সেই চাঁদ যেন সেই ইতিহাসের নীরব সাক্ষী। তার হাসির মতো আলো যেন বলে— দুনিয়ার যত অন্ধকারই থাকুক, করুণা আর ভালোবাসার আলো নিভে যায় না।
ঠিক এমন এক রাতে তোমার হাসিমাখা মুখখানি আমার চোখে ভাসলো। মনে হলো, তুমি বুঝি সেই যুগের কোনো মানুষ, যে যুগ নবুয়তের আলোতে স্নাত হয়েছিল। তোমার হাসিতে আমি যেন দেখতে পেলাম সেই নবীজী ﷺ-কে, যিনি তাঁর শত্রুদের ঘৃণার জবাবে ভালোবাসা দিয়েছিলেন।
যখন তাঁকে পাথর মারা হতো, বুকে উটের নাড়িভুঁড়ি ফেলা হতো, তখনও তিনি বলেছিলেন—
“হে আল্লাহ! আমার জাতিকে হেদায়েত দান করো, তারা জানে না।”
এমন ক্ষমা, এমন ভালোবাসা—পৃথিবীতে আর কোথায়? যদি চাইতেন, আকাশের ফেরেশতারা পাহাড় উল্টে ফেলত তাঁর শত্রুদের ওপর। কিন্তু তিনি তো ছিলেন রাহমাতুল্লিল আলামিন, পুরো দুনিয়ার জন্য দয়ার উৎস।
আমার মনে হলো, ইশ! আমি যদি সেই সময়ে জন্মাতাম। মরুর বাতাসে হেঁটে নবীজীর হাতে হাত রাখতাম, তাঁর হাসিমাখা মুখের দিকে তাকিয়ে শান্তি খুঁজতাম।
জানি, তা আর হবে না। কিন্তু এমন রাতের চাঁদ, এমন বৃষ্টির শব্দ, এমন নিঃসঙ্গতা আমাকে বারবার নিয়ে যায় সেই অতীতে। মনে হয়, হয়তো তুমি আসবে একদিন, এই রাতের নিঃশব্দতার মাঝে, শুধু একবার, আমার পাশে দাঁড়াবে।
হৃদয় শুধু এই স্বপ্নই দেখে—একদিন নিশ্চুপ রাতে, তুমি আসবে, তোমার স্পর্শে আমার অন্তর শান্ত হবে, আমার নিঃসঙ্গতা দূর হবে।
এই স্বপ্নটাই আমার কাছে বেঁচে থাকার আলো। যতদিন আকাশে চাঁদ উঠবে, যতদিন বৃষ্টি ঝরবে, ততদিন এই স্বপ্ন আমার হৃদয়ে বেঁচে থাকবে।
~মাহফুজ উল্লাহ তৈয়ব
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন




