৪ জুলাই ২০২৫
হায়াতের বাল্ব: এক গ্যারান্টিহীন আলো
লেখার সাইজ

হায়াতের বাল্ব: এক গ্যারান্টিহীন আলো

তিনশ টাকার এনার্জি বাল্বটি আজ কোম্পানির অফারে মাত্র একশ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রয়কর্মী বলছে— “নিন, স্যার! ছয় মাসের গ্যারান্টি তো আছেই। চলবে নিশ্চিন্তে, না চললে রিপ্লেস করিয়ে নেবেন!” আমরা শুনে নিশ্চিন্ত হই। চিন্তাভাবনা করে দেখি— একশ টাকায় ছয় মাস! চমৎকার তো!

কিন্তু হায়! আমরা যে আলোটা নিয়ে বেঁচে আছি— এই হায়াতের বাল্ব, এর কোনো গ্যারান্টি নেই! না এক ঘণ্টা, না এক দিন, না এক সপ্তাহ, না এক বছর। যে বাতিটা জ্বলছে আজ, ঠিক এখন, এই মুহূর্তেই নিভে যেতে পারে চিরতরে। কোনো পূর্ব-ঘোষণা নেই, কোনো বিজ্ঞপ্তি আসবে না। হঠাৎই হয়তো নিঃশ্বাসটা আটকে যাবে, হৃদপিণ্ডটা থেমে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে। তারপর নিঃশব্দে নেমে আসবে অন্ধকার।

আমরা ভাবি— “বয়স তো এখনো ত্রিশ-চল্লিশ, আমার এখনো অনেক কাজ বাকি— জীবন তো বাকি আছে!” কিন্তু হায়াত তো কখনো চুক্তিনামা ধরে আসে না। সে তো দুনিয়ার অফিসে লেখা কোনো চুক্তিপত্র নয়। সে তো বান্দার নিয়তি— রবের অজানা ফয়সালা। তবুও কী আশ্চর্য! একটি বাল্বের জন্য আমরা গ্যারান্টি খুঁজি, চিন্তিত হই, নিশ্চিন্ততা চাই— কিন্তু নিজের জীবন নিয়ে? কোনো ভাবনাই আসে না!

আমরা গাড়ি কিনলে ইনস্যুরেন্স নিই, মোবাইল কিনলে ওয়ারেন্টি চাই। কিন্তু যে আত্মার গাড়িতে চড়ে আমরা অনন্ত জীবনের পথে ছুটছি— সেই ‘হায়াত’-এর কোনো গ্যারান্টি নেই! আমি কখন মারা যাব, তা আমি জানি না; আমার রূহ কখন বের হয়ে যাবে, তা কেউ বলে দিতে পারবে না। তবুও আমরা ভাবি— জীবন আমার মুঠোয়, আমিই সিদ্ধান্ত নেব।

কিন্তু ভাই, যদি আজ রাতেই সেই আলো নিভে যায়? যদি আজই ডাক আসে ওপার থেকে? কে দেবে জবাব?

কোথায় তোমার প্রস্তুতি?

ও হে হৃদয়ের যাত্রী, প্রতিদিনের আলোকিত সকাল যেন তোমাকে অন্ধকার মৃত্যুর কথা ভুলিয়ে না দেয়। তোমার হায়াতের বাল্ব আজ জ্বলছে বলে নিশ্চিন্ত হইও না। জেগে ওঠো, সাজিয়ে নাও মৃত্যুপূর্ব প্রস্তুতি। গ্যারান্টিহীন হায়াতের পথটা তওবার আলোয় আলোকিত করো— কারণ, এ জীবনের বাতি নিভে গেলে তাকে আর জ্বালানো যাবে না।

–আলিম উদ্দিন জাহিদ

পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন

নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।