৫ জুলাই ২০২৫
ভদ্রভুল-
লেখার সাইজ

ভদ্রভুল-

‎নম্রপুর-নামটা শুনলেই মনে হয় যেন এক মধুর, শালীন, শান্ত গ্রামের ছবি।

বৃদ্ধরা এখানে সালাম পায়, ছোটরা আদর, মেয়েরা মাথায় ঘোমটা দেয়, আর পুরুষেরা শুক্রবারে আগের সারিতে নামাজ পড়ে।

‎এই গ্রামের শ্রদ্ধেয় চেয়ারম্যান—সালেহ সাহেব।

চেহারায় গাম্ভীর্য, কথায় নম্রতা, চলনে শালীনতা। লোকেরা বলে—নম্রপুরে সালেহ চেয়ারম্যানের মতো মানুষ নাকি আর হয় না।

‎মাদ্রাসা বানিয়েছেন, ঈদের বাজারে ফকিরদের টাকা দিয়েছেন, বৃদ্ধাশ্রম তৈরি করে একে বলেন সেবাকেন্দ্র, যেখানে বয়স্কদের দেখভালের দায়িত্ব নিয়েছেন তিনি নিজেই।

‎কিন্তু সালেহ সাহেব জানেন, ওটা সেবাকেন্দ্র নয়।

‎ওটা আসলে এক ‘ফেলে আসার ঘর।’

সেখানে তিনি রেখে এসেছেন তাঁরই বৃদ্ধ বাবা-মাকে।

‎হ্যাঁ, সেই বাবা, যিনি তাঁকে সাইকেলে করে স্কুলে নিয়ে যেতেন।

‎সেই মা, যার পিঠে ঘুমাতে ঘুমাতে ছোট সালেহ পৃথিবীর সবচেয়ে শান্ত স্বপ্নগুলো দেখেছিল।

‎আজ সেই মা প্রতিদিন সকালে গেটের ভেতর দাঁড়িয়ে বলেন,

‎”সালেহ, আমারে নিতে আসব?”

‎কিন্তু গেটের বাইরে দারোয়ান মুখস্থ উত্তর দেয়,

‎”চেয়ারম্যান সাহেব ব্যস্ত, সময় হলে আসবেন।”

‎সালেহ সাহেব আসেন না।

‎তিনি তখন চেয়ারম্যান অফিসে বসে বক্তৃতা দিচ্ছেন,

‎বৃদ্ধদের প্রতি দায়িত্ব মানে আমাদের আত্মার প্রতি দায়িত্ব।

‎সন্ধ্যায় মাইকিং হয়:

‎“নম্রপুরের সালেহ চেয়ারম্যান এবার হজে যাচ্ছেন।”

‎গ্রাম উল্লসিত।

‎লোকেরা দোয়া দেয়, সেলফি তোলে।

‎সালেহ সাহেব বলেন:

‎”আমি তো কিছুই না। আমি তো খালি সেবা করতে চাই। আল্লাহ যেন কবুল করেন।”

‎কিন্তু রাতে, স্ত্রীর সামনে কাপ নামিয়ে রেখে তিনি বলেন,

“‎এই বুড়া-বুড়ির ঝামেলা না থাকলে আরও দূর যেতাম আমি। যা করছি, সেটাই অনেক বেশি।”

‎তিনি কিছু বলেন না, শুধু কাপ ধুতে ধুতে থেমে যান। যেন নীরবতা দিয়েই বলে দেন সব। চোখে এক ফোঁটা জল এসে পড়ে। কাপের শব্দ হয় না-শুধু এক নীরব চিৎকার।

‎একদিন গ্রামের এক তরুণ-রশিদ, বৃদ্ধাশ্রমে তার আত্মীয়কে দেখতে গিয়ে দেখে,

‎এক বৃদ্ধা চুপচাপ বসে মেঝেতে তাকিয়ে বলছে,

‎”আজ শুক্রবার, আমার সালেহ আসবে। ছোটবেলায় তো শুক্রবারে আমার হাতেই খেত।”

‎রশিদ জিজ্ঞেস করে,

‎”চেয়ারম্যান সাহেব আপনার ছেলে?”

‎বৃদ্ধা মাথা নাড়েন, চোখ ভিজে যায়।

‎তিনি বলেন,

‎”সে এখন বড় মানুষ। তার সময় কই…?

‎রশিদ আর কিছু বলে না।

‎সে শুধু ফিরে এসে নিজের বন্ধুদের বলে-

‎পরে তা আস্তে আস্তে পুরো গ্রাম ছড়িয়ে পড়ে।

‎সবচেয়ে বড় ভদ্রতাই যখন সবচেয়ে বড় ভুল হয়, তখনই জন্ম নেয়-ভদ্রভুল।

‎গ্রাম পড়ে নড়েচড়ে।

‎মানুষ ভাবতে শুরু করে।

‎সালেহ সাহেব কয়েকদিন বাইরে থাকেন।

‎ফিরে এসে দেখেন, লোকজন তার দিকে আগের মতো চোখে তাকায় না। বৃদ্ধাশ্রমের সামনে এবার কেউ তাকে সালাম দেয় না।

‎একদিন তিনি নিজেই গিয়ে গেটের সামনে দাঁড়ান।

‎মা তাঁকে দেখে চুপ করে থাকেন।

‎অতঃপর শুধু বলেন,

‎”তুই সালেহ? আমি চিনতে পারি না।”

‎সালেহ কিছু বলতে গিয়ে থেমে যান।

‎মুখ থেকে শব্দ আসে না।

‎তিনি শুধু হেঁটে ফিরে যান-একটু ধীর, একটু ভাঙা পায়ে।

‎রাতে আয়নার সামনে দাঁড়ান সালেহ চেয়ারম্যান।

‎নিজের চেহারা দেখে মনে হয়, এটা যেন মুখ না,

একটানা অভিনয় করা একটা মুখোশ।

‎তিনি ডায়েরি খুলে লিখেন-

‎আমি এক ভদ্র মানুষ ছিলাম,ভদ্রতায় ভুলে গিয়েছিলাম, আমি মানুষ।”

‎আর সেই ভুলটাই একদিন নাম হয়ে যায়:

‎ভদ্রভুল।

‎লেখক : রাসেল মাহমুদ

ঠিকানা : মিরপুর, ঢাকা

মোবাইল : ০১৩২৫১২৫৩১৬

শিক্ষা প্রতিষ্ঠান : রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ(একাদশ শ্রেণী)

পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন

নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।