জুলাই বিভীষিকা
গভীর রাতে হঠাৎ খুব পানি পিপাসা পেল। ঘুম থেকে উঠে পানি পান করছি এমন সময় হেলিকপ্টারের আওয়াজ পেলাম। এত রাতে হেলিকপ্টার উড়ছে কেন? মনের মাঝে এক অজানা আতঙ্ক কাজ করতে লাগলো। আতঙ্কিত মন নিয়ে একেবারে নিঃশব্দে বেলকনিতে গিয়ে বসতেই গা শিউরে উঠলো। এমন কিছুর মুখোমুখি হতে হবে কখনো কল্পনাতে-ও আসেনি।
আমার চোখের সামনে দু’টো হেলিকপ্টার উড়ছে। একটা ডান দিকে অপরটা বাম দিকে। দূর থেকে বোঝা যাচ্ছে হেলিকপ্টার দু’টি সাইনবোর্ড মহাসড়কের উপরে টহল দিচ্ছে। তবে শুধু টহল-ই না সাথে সম্ভবত কিছু ফেলছে-ও। প্রথমে সন্দেহ থাকলেও কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম এগুলো গ্যাস বা বোমা ধরনের কিছু একটা। তখনই আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পরল।
সামনের এই ভবনগুলো যেন আমাকে ডেকে বলছিলো। আব্দুল্লাহ, দেখো তোমার ভাইদের তারা কিভাবে হত্যা করছে!
আমি দেখলাম একটা হেলিকপ্টার ডান দিক দিয়ে এত নিচে নেমেছে যে, ভবনের আড়ালে হারিয়ে গেছে। কিছুক্ষণ পর আবার বাম দিকে তা দেখা গেল। বুঝতে পারলাম হয়তো গুলি ছুড়ছে। মনে হচ্ছিলো যেন যুদ্ধ চলছে।
সামনে বাম পাশের এক ভবনের আড়ালে যখন একটি হেলিকপ্টার হারিয়ে গেলো তখন যেন লাল রঙা সেই ভবন আর্তনাদ করে বলছিলো ‘আমার যদি শক্তি থাকতো তাহলে আমার দেশের এই রত্নগুলোকে আমি হারিয়ে ফেলতাম না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই হেলিকপ্টার কে ভেঙ্গে গুড়ো করে ফেলতাম। কিন্তু আমার তো সেই শক্তি নেই, নেই কিছু করার সামর্থ।’ আমি শুধু বোবার মতো সেই ভবনের আর্তনাদ শুনছিলাম আর অশ্রুরা দলবেঁধে ঝরছিলো। মনে হচ্ছিলো ভবনের লাল রঙ যেন রক্তের প্রতিক!
আমার-ও তো কিছু করার ক্ষমতা নেই। মনের মধ্যে একটা চাপা কষ্ট খুব জোড়ালো ভাবে ভেসে উঠল, যদি আজ আমি তাদের সাথে থাকতাম! তাদের বাঁচাতে না পারি অন্তত একসাথে সমবেদনা প্রকাশ করতে পারতাম! এমন সময় আমাদের ভবনের ডান পাশে বয়ে চলা রাস্তার দিকে চোখ পড়ল। আমি অসহায় নয়নে তাকিয়ে দেখলাম সেখানে একটি রিকশায় দুই-তিনজন আসছে। তাদের একজনের শরীর থেকে রক্ত ঝরছে, হয়তো গুলি লেগেছে। বাকি দুইজনের একজন তাকে কোলে নিয়েছে আর অপরজন তার রক্ত বন্ধ করার জন্য চাপ দিয়ে ধরে রেখেছে।
তারা যেতে না যেতেই আরো একজনকে দেখলাম একজন কে কাঁধে করে নিয়ে আসতে। হয়তো সে মারা গেছে বা যাবে। এগুলো দেখে নিজেকে আর ঠিক রখতে পারলাম না। চাপা কান্না যেন এবার অর্তনাদে পরিণত হবে। শেষে কোনো উপায় খুঁজে না পেয়ে কিছুক্ষণ ঝিম ধরে বসে বসে শুধু আমার ভাই–যারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে–তাদের কথা, তাদের পরিবারের কথা স্মরণ করছিলাম। হঠাৎ খেয়াল করলাম তাহাজ্জুদের সময় হয়ে গেছে, দু’রাকাত নফল সালাত শেষে মহান রবের দরবারে মনের সকল আকুতি ঢেলে দিলাম। সকলের জন্য দোয়া করতে করতে কখন যে ঘুমিয়ে পরেছি আমার নিজের-ও জানা নেই।
আব্দুল্লাহ আল হাসান
কুড়িগ্রাম সদর,কুড়িগ্রাম।
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন



